কলমাকান্দায় বিশ্ব কীটনাশক মুক্ত দিবস পালিত
ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৮:০৬ রাত
_original_1764770789.jpg)
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার চন্দ্রডিঙ্গা গ্রামে বিশ্ব কীটনাশক মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও জৈব বালাইনাশক তৈরির ব্যবহারিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বারসিক ও গ্রিন কোয়ালিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় কৃষক–কৃষাণীদের ব্যাপক উপস্থিতি ছিল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বারসিকের উপজেলা সমন্বয়কারী গুঞ্জন রেমা। দিবসটির লক্ষ্য, উদ্দেশ্য, গুরুত্ব ও প্রাসঙ্গিকতা তুলে ধরেন বারসিকের প্রোগ্রাম অফিসার মো. আলগীর। তিনি বলেন, “কীটনাশক শুধু মাটি ও পরিবেশের ক্ষতি করে না, এটি মানুষের স্বাস্থ্যের জন্যও মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে। তাই জৈব কৃষি চর্চার প্রসার সময়ের দাবি।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাধ রক্ষা কৃষক সংগঠনের সভাপতি সুনীল ম্রং। তিনি বলেন, “গ্রামের কৃষকরা আগে থেকেই স্থানীয় জ্ঞান ব্যবহার করে বালাই দমন করতেন; সেই প্রাকৃতিক ও নিরাপদ পদ্ধতিগুলো আবারও মাঠে ফিরিয়ে আনা জরুরি।”
লেঙ্গুরা কৃষিপ্রতিবেশ বিদ্যা শিখন কেন্দ্রের তত্ত্বাবধায়ক নারায়ণ হাজং কৃষকদের নিয়ে জৈব বালাইনাশক তৈরির সরাসরি প্রদর্শনী করেন। তিনি নিমপাতা, মরিচ, রসুন, পেঁয়াজের খোসা, তামাকপাতা, মেহগনির বীজ, হেগরাপাতা, আতাফলে পাতা সহ বিভিন্ন প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে কীভাবে কার্যকর বালাইনাশক তৈরি করা যায় তা ধাপে ধাপে ব্যাখ্যা করেন। এছাড়া তিনি হলুদ চার্ট, সাদা চার্ট ও সেক্স ফেরোমোন ফাঁদ এর ব্যবহার পদ্ধতি, স্থাপনের সময় ও উপকারিতা তুলে ধরেন। অংশগ্রহণকারীরা কাছ থেকে দেখে এবং হাতে-কলমে শেখার সুযোগ পান।
নাহাজন হাজং তাঁর পরিচালিত মরিচ গবেষণার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি জানান, “প্রাকৃতিক উপায়ে জাবপোকাসহ বিভিন্ন বালাই সফলভাবে দমন করা যায়। এতে ফলনও ভালো হয় এবং উৎপাদিত মরিচ থাকে শতভাগ কীটনাশকমুক্ত।” কৃষকরা তাঁর অভিজ্ঞতা শুনে নিজেদের জমিতে এসব কৌশল প্রয়োগের আগ্রহ প্রকাশ করেন।
প্রশিক্ষণের শেষে জৈব পদ্ধতিতে চাষাবাদে আগ্রহী কৃষক–কৃষাণীদের মাঝে ১০টি সেক্স ফেরোমোন ফাঁদ বিতরণ করা হয়, যা তারা নিজেদের জমিতে ব্যবহার করতে পারবেন।
বারসিক ও গ্রিন কোয়ালিশনের পক্ষ থেকে বেনুকা ¤্রং বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন, পরিবেশ সুরক্ষা ও জৈব কৃষি চর্চার প্রচলন বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে।





_medium_1772433981.jpg)

