সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় বিট পুলিশিং সভা, শ্যামগঞ্জে টহল বাড়ানোর নির্দেশ


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪৯ বিকাল

নেত্রকোনার পূর্বধলায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় স্থানীয় বাসিন্দাদের দাবির পরিপ্রেক্ষিতে শ্যামগঞ্জ বাজারসহ আশপাশের এলাকায় পুলিশের টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (৯ আগস্ট) বেলা আড়াইটায় উপজেলার গোহালাকান্দা বিটের গোহালাকান্দা ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার। সভাপতিত্ব করেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

সভা সঞ্চালনা করেন শ্যামগঞ্জ তদন্তকেন্দ্রের ইনচার্জ সেন্টু মিয়া।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সজল কুমার সরকার মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি উঠতি বয়সের ছেলেমেয়েদের বিভিন্ন অপরাধ ও ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখতে অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সচেতন ভূমিকা রাখার পরামর্শ দেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সভায় পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক এবং সাবেক চেয়ারম্যান ফকির ছায়েদ আল মামুন শহীদ, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা বাচ্চু, গোহালাকান্দা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক, উপজেলা ছাত্রদলের আহবায়ক সালমান রহমান পল্লব, গোহালাকান্দা ইউনিয়ন পরিষদের সচিব ইশরাক হোসেন, উদ্যোক্তা সাদ্দাম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মতবিনিময়কালে স্থানীয় বাসিন্দারা শ্যামগঞ্জ বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের মতামত তুলে ধরেন। তাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে শ্যামগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় পুলিশের টহল বাড়ানোর জন্য শ্যামগঞ্জ তদন্তকেন্দ্রের ইনচার্জ ও পূর্বধলা থানার ওসিকে নির্দেশ দেন অতিরিক্ত পুলিশ সুপার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত