মেসির বাবার মৃত্যুতে পূর্বধলায় আর্জেন্টিনা সমর্থকদের শোক, কালো ব্যাজ ধারণ
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০৪:২৫ দুপুর

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নেত্রকোণার পূর্বধলা উপজেলার আর্জেন্টিনা সমর্থক ও স্থানীয় ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা। এ সময় তারা কালো ব্যাজ ধারণ করে শোক প্রকাশ এবং মেসির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
রবিবার (৯ আগস্ট) পূর্বধলা উপজেলায় আয়োজিত এক শোক কর্মসূচিতে অংশ নিয়ে তারা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজপাড়া স্পোর্টিং ক্লাবের সহ-ক্রীড়া সম্পাদক সাজু আহামেদ, পূর্বধলা ফুটবল একাডেমির পরিচালক মো. শফিকুল ইসলাম সরকার, এসি ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল হক, মরহুম খালেদা জিয়া স্পোর্টিং ক্লাবের সভাপতি ওমর শরিফ, শাহীন আলম তালুকদারসহ স্থানীয় আর্জেন্টিনা সমর্থকরা।
শোকবার্তায় তারা বলেন, হোর্হে মেসির মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে লিওনেল মেসি ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে তারা পরিবারের সদস্যদের শোক সইবার শক্তি কামনা করেন।
রাজপাড়া স্পোর্টিং ক্লাবের সহ-ক্রীড়া সম্পাদক সাজু আহামেদ বলেন, “মেসি শুধু আর্জেন্টিনার নয়, বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর প্রিয় খেলোয়াড়। তার বাবার মৃত্যুতে আমরা অত্যন্ত মর্মাহত। আমরা মেসি ও তার পরিবারের জন্য দোয়া ও সমবেদনা জানাই।”
পূর্বধলা ফুটবল একাডেমির পরিচালক মো. শফিকুল ইসলাম সরকার বলেন, “ফুটবলে মেসির সাফল্যের পেছনে তার পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। হোর্হে মেসির মৃত্যুতে আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি।”
এসি ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল হক বলেন, “মেসির পরিবারের এই শোকের সময়ে পূর্বধলার আর্জেন্টিনা সমর্থকরা তাদের পাশে রয়েছে। আমরা মরহুমের আত্মার শান্তি কামনা করছি।”
উল্লেখ্য, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির বাবা হোর্হে মেসি শুক্রবার রাতে আর্জেন্টিনার রোসারিওর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। শনিবার মেসির শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজ এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। হোর্হে মেসির মৃত্যুতে ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।



_medium_1786278472.jpg)
_medium_1786278190.jpg)


