সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে যুবকের ২ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২২ জুন ২০২৬, ০৮:৫৩ রাত

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২২ জুন) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার ১০ নম্বর নারান্দিয়া ইউনিয়নের হিরনপুর উচ্চ বিদ্যালয়ের সামনে নুরুল হকের মুদির দোকানের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, স্কুলের টিফিনের সময় অষ্টম শ্রেণির ওই শিক্ষার্থী সহপাঠীদের সঙ্গে দোকানে গেলে একই এলাকার ইমরান হোসেন রিফাত (১৯) তাকে জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় স্থানীয় দোকানদার ও আশপাশের লোকজন তাকে আটক করেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আটককৃত যুবক দাবি করেন ভিকটিমের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে। পরে স্থানীয়রা তাকে পুলিশের কাছে সোপর্দ করেন।

খবর পেয়ে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেন্টু মিয়া সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করেন এবং ভিকটিমকে হেফাজতে নেন।

পরে পূর্বধলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিম জাহান ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তকে পরে পুলিশ প্রহরায় পূর্বধলা থানায় পাঠানো হয়। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত