গাইবান্ধায় সাঁওতাল পল্লীতে দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে শুকর বিতরণ
আসাদুজ্জামান রুবেল
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৬:২৭ বিকাল

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাঁওতাল পল্লীতে দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে বিনামূল্যে শুকর বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলার কামদিয়া ইউনিয়নের চাঙ্গুরা গ্রামে সুবিধাবঞ্চিত ২০টি সাঁওতাল পরিবারের মাঝে এসব শুকর বিতরণ করা হয়।
স্বেচ্ছাসেবী সংস্থা ‘অবলম্বন’-এর আয়োজনে এবং ঢাকার উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডব্লিউসিসিআই)-এর সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়। ‘এমপাওয়ারিং উইমেন উইথ স্কিল, প্রমোটিং আর্টিজানাল ডাইভারসিটি অ্যান্ড এনহ্যান্সিং লাইভলিহুড’ প্রকল্পের আওতায় পিছিয়ে পড়া সাঁওতাল জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে এ সহায়তা প্রদান করা হয়।
শুকর বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, প্রজেক্ট অফিসার রেশমা পারভিন, কর্মী মৌসুমী আক্তার, শিক্ষক আহাদুজ্জামান রিমু, আদিবাসী নেত্রী সাবিনা টুডু, ললিতা মুর্মু ও অঞ্জনা সরেন প্রমুখ।
বক্তারা বলেন, সাঁওতাল জনগোষ্ঠীর অর্থনৈতিক সংকটের মূল কারণ হলো ভূমি বেদখল, আধুনিক কৃষি প্রযুক্তির অভাব, বনভূমি ধ্বংস, শিক্ষা ও উদ্যোগে পিছিয়ে থাকা। এছাড়া মহাজনী ঋণের চাপ, ভূমিহীনতা, চিকিৎসা ও শিক্ষায় অনগ্রসরতা এবং পরিবর্তিত জীবনধারার সঙ্গে খাপ খাওয়াতে না পারার কারণে তারা চরম দারিদ্র্য ও প্রান্তিকতার শিকার হচ্ছেন।
তারা আশা প্রকাশ করেন, শুকর পালনের মাধ্যমে সাঁওতাল পরিবারের আয় বৃদ্ধি পাবে এবং তাদের জীবনমানের উন্নয়ন ঘটবে।







