পূর্বধলায় সার মজুদ ও বিতরণ তদারকি, শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে ইউএনও
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ বিকাল

নেত্রকোণার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নে সার ডিলার পয়েন্ট ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম।
বুধবার (৯ সেপ্টেম্বর) হোগলা ইউনিয়নের দুটি সার ডিলার পয়েন্ট পরিদর্শন করেন তিনি। এ সময় সার মজুদের পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণের পাশাপাশি কৃষকদের মাঝে সঠিকভাবে সার বিতরণ করা হচ্ছে কি না, তা তদারকি করেন ইউএনও।
পরে তিনি হোগলা উচ্চ বিদ্যালয় ও সাধুপাড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে মাদক, বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক সচেতনতামূলক বিষয়ে বক্তব্য দেন।
শিক্ষার্থীদের দক্ষতা ও সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সায়েন্স ক্লাব, কালচারাল ক্লাব, ডিবেট ক্লাব ও ল্যাঙ্গুয়েজ ক্লাব গঠনের জন্য প্রতিষ্ঠান প্রধানদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
পরিদর্শন শেষে ইউএনও শফিকুল ইসলাম বলেন, উপজেলায় পর্যাপ্ত পরিমাণ সার মজুদ রয়েছে। সার বিতরণ বা সরবরাহে কোথাও কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় তিনি শিক্ষার্থীদের মাদকমুক্ত রাখা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।







