মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
শিরোনাম

মেয়েকে সঙ্গে নিয়ে গভীর রাতে সড়ক নির্মাণ তদারকিতে নেত্রকোনার নারী কর্মকর্তা


  আজাদ ইমরান শরীফ

প্রকাশ :  ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ সকাল

গভীর রাতে যখন চারপাশ নীরব, তখন ছোট্ট কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে উন্নয়ন কাজের গুণগত মান তদারকিতে মাঠে নেমেছেন নেত্রকোনা পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা। তার এমন দায়িত্বশীলতা ও কর্মনিষ্ঠা প্রশংসা কুড়িয়েছে সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের।

নেত্রকোনা শহরের ইসলামপুর মোড় থেকে পাসপোর্ট অফিস গেট পর্যন্ত ২৯০ মিটার সড়কের উন্নয়ন ও ঢালাই কাজের উদ্বোধন এবং তদারকিতে গভীর রাতে সরেজমিনে উপস্থিত হন তিনি। কাজটি নির্ধারিত নিয়মে ও মানসম্মতভাবে হচ্ছে কি না, তা নিজে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করেন। এর আগে দুপুরেও রড বাইন্ডিংসহ নির্মাণকাজের বিভিন্ন বিষয় পরিদর্শন করেন তিনি।

কাজের স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মুন মুন জাহান লিজা। সাংবাদিকদের তিনি বলেন, নারী হিসেবে নয়, একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবেই তিনি কাজটি তদারকি করছেন। ঢালাইয়ের আগে রড বিছানোর ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন, যাতে কেউ ত্রুটি দেখতে পেলে তা সংশোধনের সুযোগ থাকে।

মুন মুন জাহান লিজা বলেন, “আমি ঢালাইয়ের আগেই ছবি দিয়েছি। কেউ কোনো নেতিবাচক মন্তব্য করলে বা ত্রুটি ধরিয়ে দিলে সেটা আবার ঠিক করাব। আমার সৎ সাহস আছে বলেই এই চ্যালেঞ্জ নিয়েছি।”

গভীর রাতে তদারকির কারণ জানতে চাইলে তিনি বলেন, “এটাকে জনগণের প্রতি দায়বদ্ধতা বা কর্মের দায়বদ্ধতা বলতে পারেন। এখানে নারী হিসেবে নয়, আমি নিজেকে একজন কর্মকর্তা হিসেবে দেখছি। জনগণের সেবা নিশ্চিত করা এবং কাজের গুণগত মান বজায় রাখাই আমার দায়িত্ব।”

দিনভর দাপ্তরিক কাজ শেষে সামান্য বিশ্রাম নিয়ে ছোট্ট মেয়ে মুনমকে সঙ্গে করে গভীর রাতে উন্নয়নকাজ দেখতে ছুটে যাওয়ার বিষয়টি বিশেষভাবে নজর কেড়েছে।

ওইসময় উপস্থিত স্থানীয়দের মতে, কাজের মান নিশ্চিত করতে একজন কর্মকর্তার এমন সরাসরি উপস্থিতি অনিয়ম রোধের পাশাপাশি সমাজে ইতিবাচক বার্তা দেয়। নেত্রকোনাবাসীর প্রত্যাশা, এমন সৎ ও দায়িত্বশীল কর্মকর্তাদের হাত ধরে উন্নয়নমূলক কাজ আরও স্বচ্ছ, টেকসই ও জনবান্ধব হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত