মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
শিরোনাম

নালিতাবাড়ীতে ঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিল ক্ষুদ্র নৃ গোষ্ঠী পরিবারকে


  ক্লোডিয়া নকরেক কেয়া

প্রকাশ :  ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ দুপুর

দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধ, মামলা-মোকদ্দমা আর আইনি জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে আদালতের ডিক্রিপ্রাপ্ত ৬০ শতাংশ জমির দখল বুঝে পেলেন ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সদস্য লিপি রাণী সরকার।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গেরাপচা এলাকার খুজিউরা মৌজায় এ দখল হস্তান্তর কার্যক্রম পরিচালিত হয়।

জানা গেছে, জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে লিপি রাণী সরকার নালিতাবাড়ী সিনিয়র সিভিল জজ আদালতে ২০১৫ সালে মামলা দায়ের করেন। বিচারিক প্রক্রিয়া শেষে মামলায় তার পক্ষে ডিক্রি প্রদান করা হয়। মামলাটি স্বত্ব ডিক্রি মোকদ্দমা নং-০৪/২০ এবং মূল মোকদ্দমা নং-১৩৭/২০ স্বত্ব। সংশ্লিষ্ট জমির খতিয়ান আরএস-৩২৫, আরওআর-৪৭৫ ও বিআরএস-৫৬।
আদালতের দেওয়া ডিক্রি কার্যকর করতে সোমবার জেলা জজ আদালতের নাজির আব্দুর রউফ ঘটনাস্থলে গিয়ে ডিক্রিপ্রাপ্ত ৬০ শতাংশ জমির দখল লিপি রাণী সরকারের কাছে বুঝিয়ে দেন।

দখল বুঝিয়ে দেওয়ার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের একটি দল এবং শেরপুর জজ কোর্টের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন।

দখল হস্তান্তরের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর ডিক্রিপ্রাপ্ত পক্ষের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। আদালতের প্রথা অনুযায়ী ঢাকঢোল বাজিয়ে জমির দখল বুঝিয়ে দেয়া হয় বলে জানিয়েছে আদালত কতৃপক্ষ।

ঘটনাটি দেখতে স্থানীয় উৎসুক মানুষজনও সেখানে ভিড় করেন।
দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালতের ডিক্রি অনুযায়ী জমির দখল ফিরে পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন লিপি রাণী সরকার ও তার পরিবারের সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী দখল বুঝিয়ে দেওয়ার কার্যক্রমের প্রতিবেদন প্রস্তুত করে তা সংশ্লিষ্ট আদালতে দাখিল করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত