বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
শিরোনাম

কলমাকান্দার পাঁচগাঁও বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৫ দোকান


  ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি

প্রকাশ :  ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ দুপুর

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে দোকানগুলোর মালামাল ও আসবাবপত্রসহ প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
 
বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে পাঁচগাঁও বাজারে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
 
স্থানীয়রা জানান, হঠাৎ একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতা দেখে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন এবং কলমাকান্দা ফায়ার সার্ভিসে খবর দেন।
 
খবর পেয়ে কলমাকান্দা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আশরাফুল আলমের নেতৃত্বে দুটি ইউনিট ভোর ৪টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানদাররা হলেন—
কামাল হোসেন, পিতা-মুজিবুর রহমান;
শরিফ, পিতা-লাল মিয়া;
ফিরোজ, পিতা-রজব আলী;
আব্দুস সাত্তার, পিতা-নাসির উদ্দিন এবং
ফারুক, পিতা-দ্বীন ইসলাম।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আগুনে সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত তাদের ক্ষয়ক্ষতি নিরূপণ করে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত