মোবাইল নিয়ে মনোমালিন্য, স্ত্রীকে ফোন কিনে দিয়ে গলায় ফাঁস যুবকের
মো: মহিউদ্দিন আহাম্মেদ
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ বিকাল

হবিগঞ্জের মাধবপুরে স্ত্রীর জন্য মোবাইল ফোন কিনে দেওয়াকে কেন্দ্র করে পারিবারিক মনোমালিন্যের জেরে আব্দুর রহিম (২৩) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার (২রা সেপ্টেম্বর) রাতে মাধবপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম ওই এলাকার আবুল বাশারের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, স্ত্রীকে মোবাইল ফোন কিনে দেওয়া নিয়ে আব্দুর রহিমের সঙ্গে মনোমালিন্য চলছিল। বিষয়টি নিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে দাবি করেছেন স্বজনরা। পারিবারিক টানাপোড়েনের মধ্যে মঙ্গলবার রাতে তিনি একটি মোবাইল ফোন কিনে এনে স্ত্রীকে দেন।
এরপর বুধবার ভোররাতে পরিবারের সদস্যদের অগোচরে ঘরের ভেতর গলায় ফাঁস দেন আব্দুর রহিম। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, স্ত্রীকে মোবাইল ফোন কিনে দেওয়ার বিষয়টি নিয়ে ওই যুবকের সঙ্গে মনোমালিন্য চলছিল। বিষয়টি নিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে স্বজনরা জানিয়েছেন। বুধবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


