সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন পূর্বধলার মানসুরা আক্তার


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩২ দুপুর

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। 

আজ সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত এ তালিকায় স্থান পেয়েছেন নেত্রকোণার পূর্বধলা উপজেলার মানসুরা আক্তার, তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের অন্যতম সহ-সভাপতি এবং ইতিপূর্বে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দলীয় সূত্র জানায়, রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গত দুই দিনে প্রায় ৯০০ মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার নেয় বিএনপির পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড। দীর্ঘ এই বাছাই প্রক্রিয়া শেষে চূড়ান্ত তালিকায় তুলনামূলক তরুণ নেতৃত্ব হিসেবে মানসুরা আক্তারের অন্তর্ভুক্তি দলীয় রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মানসুরা আক্তারের রাজনৈতিক উত্থান ছাত্ররাজনীতির মাঠ থেকে। রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ, সাংগঠনিক দক্ষতা এবং কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আস্থার কারণে তাঁকে এই মনোনয়ন দেওয়া হয়েছে বলে দলীয় নেতারা জানিয়েছেন। বিএনপির একাধিক নেতার মতে, তরুণ নেতৃত্বকে সামনে আনার কৌশলের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মনোনীত মানছুরা আক্তার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের জামুদ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মো. শাহজাহান মিয়া এবং মাতা আম্বিয়া বেগম। তিনি বর্তমানে পূর্বধলা সদরের গার্লস স্কুল রোড এলাকার বাসিন্দা।

চূড়ান্ত তালিকায় মানসুরা আক্তারের পাশাপাশি সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, নিপুণ রায় চৌধুরী ও হেলেন জেরিন খানের মতো অভিজ্ঞ নেত্রীরাও রয়েছেন। ফলে অভিজ্ঞ ও নবীন নেতৃত্বের সমন্বয়ে এবারের তালিকা সাজানো হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন।

মনোনয়ন ঘোষণার পর পূর্বধলা ও নেত্রকোণা জেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। ধলামূলগাঁও ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ ও আনন্দ-উৎসব করেন সমর্থকেরা।

স্থানীয় নেতাদের আশা, জাতীয় সংসদে সুযোগ পেলে মানসুরা আক্তার এলাকার সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো জোরালোভাবে তুলে ধরতে পারবেন।

মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় মানসুরা আক্তার দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই অর্জন রাজপথের আন্দোলনে সম্পৃক্ত সব ছাত্রকর্মীর। ভবিষ্যতেও দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকার করেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্ররাজনীতি থেকে উঠে আসা একজন নেত্রীকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া বিএনপির সাংগঠনিক কাঠামোতে প্রজন্মগত পরিবর্তনের ইঙ্গিত বহন করে। একই সঙ্গে এটি তৃণমূল পর্যায়ের কর্মীদের জন্য একটি ইতিবাচক বার্তা হিসেবেও দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত