সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২০ এপ্রিল ২০২৬, ০১:৩০ দুপুর

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় হাম ও রুবেলা রোগ প্রতিরোধে বহুল প্রত্যাশিত হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ শুরু হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তাসনীম জাহান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বিশ্ব প্রিয় মজুমদার, স্যানিটারি ইন্সপেক্টর হাসিম উদ্দিন, মেডিকেল অফিসার আরিফুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবিতা রানী সরকার, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার বাবলি রংমা, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার রফিকুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মতিউর রহমান খান পাঠান, সেরা’র প্রতিনিধি শফিকুল ইসলাম এবং এমটিইপিআই’র হেলেনা আক্তার খানমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় এনে এক ডোজ এমআর টিকা প্রদান করা হবে। ক্যাম্পেইনটি তিন সপ্তাহব্যাপী চলবে এবং প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকা প্রদান করা হবে।

এই টিকাদান কর্মসূচি ২০ এপ্রিল ২০২৬ থেকে শুরু হয়ে ১০ মে ২০২৬ পর্যন্ত চলবে। উপজেলার ২৬৪টি আউটরিচ কেন্দ্রে প্রথম দুই সপ্তাহ টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। পরবর্তীতে স্কুল, কিন্ডারগার্টেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই টিকা প্রদান করা হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুন জানান, আগে টিকা নেওয়া থাকলেও এই ক্যাম্পেইনে শিশুদের পুনরায় এমআর টিকা দেওয়া হবে। কোনো শিশু বাদ পড়লে ক্যাম্পেইন চলাকালীন যেকোনো দিন টিকা নেওয়ার সুযোগ থাকবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত