পূর্বধলায় ৮২ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে ব্যালট ও নির্বাচনী সরঞ্জাম বিতরণ
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৭ দুপুর

আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণার পূর্বধলা উপজেলায় প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে কেন্দ্রভিত্তিক ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সব নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে পূর্বধলা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আনিসুর রহমান খানের উপস্থিতিতে এ বিতরণ কার্যক্রম করা হয়।
এ সময় প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে ব্যালট পেপার (গণভোটের ব্যালটসহ), স্বচ্ছ ব্যালট বাক্স, সিল, স্ট্যাম্প, ভোটার তালিকা, অমোচনীয় কালি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।
সরঞ্জাম গ্রহণ শেষে আনসার ও পুলিশ সদস্যদের নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা সেগুলো নিজ নিজ ভোটকেন্দ্রে নিয়ে যান।
উপজেলার ১১টি ইউনিয়নের মোট ৮২টি ভোটকেন্দ্রের জন্য এসব নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে। এবারের নির্বাচনে উপজেলার ৮২টি ভোটকেন্দ্রের ৫২৮টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করবেন ৮২ জন প্রিজাইডিং অফিসার, ৫২৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১ হাজার ৫৬ জন পোলিং অফিসার।
নির্বাচনকে ঘিরে উপজেলায় সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে জোরদার আইনশৃঙ্খলা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ৫৫টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সেখানে অতিরিক্ত নিরাপত্তা ও নজরদারি নিশ্চিত করা হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল হাসান জানান, পূর্বধলা উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯০ হাজার ১১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৭ হাজার ৮৯৬ জন, নারী ভোটার ১ লাখ ৪২ হাজার ২১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আনিসুর রহমান খান বলেন, “প্রতিটি ভোটকেন্দ্রের জন্য প্রয়োজনীয় সব নির্বাচনী সামগ্রী প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।”
তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলো বহুমাত্রিক নিরাপত্তার আওতায় থাকবে এবং অনিয়ম রোধে সিসি ক্যামেরা স্থাপনসহ সার্বক্ষণিক মনিটরিং করা হবে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনে এবারের নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার। ১১ দলীয় জোট থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সহকারী অধ্যাপক মাছুম মোস্তফা। এছাড়া ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে হাতপাখা প্রতীক নিয়ে মাঠে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেত্রকোণা জেলা সভাপতি মুফতী নূরুল ইসলাম হাকিমী।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদার ও জামায়াতে ইসলামীর প্রার্থী মাছুম মোস্তফার মধ্যে। দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।







