বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় জামায়াত মনোনীত প্রার্থীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের মিছিল ও প্রচারণা


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২২ জানুয়ারী ২০২৬, ০৫:৪৭ বিকাল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মাসুম মোস্তফা-এর পক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা ও ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা সদরের চৌরাস্তা বাজার এলাকায় ৬নং পূর্বধলা সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এ প্রতীক মিছিল ও প্রচারণা চালানো হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা চৌরাস্তা বাজার প্রদক্ষিণ করে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাসুম মোস্তফা বলেন, “দেশকে ন্যায়ভিত্তিক ও কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করতে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। আমরা দুর্নীতিমুক্ত ও আদর্শভিত্তিক একটি সুন্দর পূর্বধলা গড়তে চাই। ‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’-এই স্লোগানকে ধারণ করে জনগণের সেবায় কাজ করতে চাই।” তিনি আগামী নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জয়নুল আবেদীন, সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. তাজুল ইসলাম বাবুল, উপজেলা জামায়াতের রুকন ডা. মো. শহিদুল্লাহ, ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখার সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, নেত্রকোনা সরকারি কলেজ শাখার সভাপতি উমর ফারুক ও সেক্রেটারি ইমরান খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সমর্থকরা উপস্থিত ছিলেন।

বক্তারা নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত