শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় রেডলাইন নাইট ক্রিকেটের তৃতীয় আসরে চ্যাম্পিয়ন আজিন আনজারা


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ৩১ অক্টোবর ২০২৬, ১১:৩৭ দুপুর

নেত্রকোণার পূর্বধলায় রেডলাইন সেইফ রাইডার্স ক্লাব আয়োজিত নাইট ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে আজিন আনজারা। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে রানার্সআপ হয়েছে টার্বো সোউলস।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে পূর্বধলা পাটবাজারে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। পরে রাত ১১টার দিকে অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

টুর্নামেন্টে আম্পায়ারদের বিবেচনায় ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন রানার্সআপ দল টার্বো সোউলসের অধিনায়ক আমিনুল হক। সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার পেয়েছেন চ্যাম্পিয়ন দল আজিন আনজারার খেলোয়াড় গৌতম। একই দলের অধিনায়ক কামরুজ্জামান জেকি হয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবুল আলম তালুকদার, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম তালুকদার, উপজেলা বিএনপির সদস্য আশরাফ উদ্দিন তালুকদার, পূর্বধলা বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল গফুর, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো. জায়েজুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম ফখরুল হাসান, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার এবং উপজেলা যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকন।

এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্লাবের সদস্য ও অংশগ্রহণকারী খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেডলাইন সেইফ রাইডার্স ক্লাবের সভাপতি ইমতিয়াজ আহমেদ সজিব। সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক সাকিব আব্দুল্লাহ।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় রেডলাইন সেইফ রাইডার্স ক্লাব আয়োজিত নাইট ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত