শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ দুপুর

নেত্রকোণার পূর্বধলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও ভক্তরা অংশ নেন।

সকালে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, পূর্বধলা উপজেলা শাখার সভাপতি তরুণ কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সহ-সভাপতি দীপক রঞ্জন সরকার।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, পূর্বধলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সঞ্জিত কর, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জীবন কৃষ্ণ দে, সাধারণ সম্পাদক দীপক রঞ্জন ভাদুড়ী, পূর্বধলা সার্বজনীন কেন্দ্রীয় পূজা মন্দিরের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় চৌধুরীসহ স্থানীয় সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে পূর্বধলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী ভক্ত অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত