মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
শিরোনাম

শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে পূর্বধলায় ওসির সচেতনতামূলক কার্যক্রম


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ৩১ আগস্ট ২০২৬, ১০:২২ রাত

শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠন এবং সামাজিক নানা অপরাধ থেকে দূরে রাখতে নেত্রকোনার পূর্বধলায় সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেঘশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমাবেশে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে মোবাইল ফোন ব্যবহারের কুফল নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন তিনি।

এ সময় মোবাইল ফোনের অতিরিক্ত ও অপব্যবহারের কারণে শিক্ষার্থীদের পড়াশোনা, মনোযোগ ও ভবিষ্যৎ জীবনে কী ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে, তা তুলে ধরেন ওসি।

পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে তুলতে করণীয় ও বর্জনীয় বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন তিনি। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।

এরপর দুপুর ১২টার দিকে মেঘশিমুল উচ্চ বিদ্যালয়ে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে আয়োজিত অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় অংশ নেন ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

সভায় শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে মাদক ও বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরে বক্তব্য দেন তিনি। একই সঙ্গে পিতামাতার প্রতি সন্তানদের দায়িত্ব ও কর্তব্য এবং জীবনের লক্ষ্য পূরণে শিক্ষার্থীদের করণীয় নিয়েও আলোচনা করেন।

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাই তাদের মাদক, বাল্যবিবাহ ও মোবাইল ফোনের অপব্যবহার থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষক ও সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সন্তানদের প্রতি অভিভাবকদের আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আবু তাহের তালুকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হাসান, বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, অভিভাবক ও শিক্ষার্থীরা।

সচেতনতামূলক এসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মাদক, বাল্যবিবাহ ও মোবাইলের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরির পাশাপাশি তাদের নৈতিক ও সুন্দর ভবিষ্যৎ গঠনে উৎসাহিত করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত