মাছের খাবারের বস্তায় ভারতীয় পণ্য, ১ কোটি ২০ লাখ টাকার মালামাল জব্দ
মো: মহিউদ্দিন আহাম্মেদ
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ১০:৩৬ দুপুর

হবিগঞ্জের মাধবপুরে মাছের খাবারের বস্তার মোড়কে লুকিয়ে পরিবহনকালে বিপুল পরিমাণ ভারতীয় চা-পাতা, মেহেদী ও জিরাসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই দিনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক অভিযানে একটি পিকআপসহ ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় হবিগঞ্জ ৫৫ বিজিবি।
বিজিবি জানায়, বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টার দিকে মাধবপুর উপজেলার সুরমা ২০ নম্বর চা-বাগান এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অবস্থান নেয় বিজিবির একটি দল।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কাভার্ডভ্যানটি সড়কের পাশে ফেলে পালিয়ে যায়। পরে ভ্যানটিতে তল্লাশি চালিয়ে মাছের খাবারের বস্তার মোড়কে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় চা-পাতা, কাবেরী মেহেদী ও জিরা উদ্ধার করা হয়। পণ্যসহ কাভার্ডভ্যানটির আনুমানিক সিজার মূল্য ৯১ লাখ ৭০ হাজার টাকা।
এর আগে একই দিন ভোর ৫টা ৪০ মিনিটের দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার গান্ধীছড়া চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় এনিমেল মেডিসিন, খাবার, শ্যাম্পু ও একটি পিকআপ জব্দ করে বিজিবি। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ২৯ লাখ টাকা।
দুই অভিযানে জব্দ করা পণ্য ও যানবাহনের মোট আনুমানিক সিজার মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ ৭০ হাজার টাকা।
হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে ভারতীয় পণ্য প্রবেশ ঠেকাতে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।





_medium_1788066028.jpg)

