সবুজের স্বপ্নে বুল্লা-ছাতিয়াইন সড়কে একদিনে এক হাজার তালের বীজ
মো: মহিউদ্দিন আহাম্মেদ
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ১০:২৫ দুপুর

রাস্তার দুপাশে বিস্তীর্ণ ফসলের মাঠ। তার মাঝ দিয়ে আঁকাবাঁকা পিচঢালা সড়ক। বর্ষায় সবুজের সমারোহ, শরতে ধানের শিষ—প্রকৃতির এমন অপরূপ দৃশ্যকে আরও নান্দনিক করে তুলতে চান স্থানীয় তরুণরা। তাঁদের ভাবনা, এই সড়কের দুই পাশে যদি সারি সারি তালগাছ দাঁড়িয়ে থাকে, তাহলে একদিন এটি হয়ে উঠতে পারে দৃষ্টিনন্দন এক সবুজ পথ।
সেই স্বপ্ন থেকেই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মানবিক ফাউন্ডেশন বুল্লা ইউনিট। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা থেকে ছাতিয়াইন সড়কের বিভিন্ন স্থানে প্রায় এক হাজার তালের বীজ রোপণ করেন সংগঠনটির সদস্য ও স্থানীয় যুবসমাজ।
আয়োজকদের স্বপ্ন শুধু বৃক্ষরোপণে সীমাবদ্ধ নয়। তাঁদের লক্ষ্য—সড়কের দুই পাশে ধীরে ধীরে গড়ে উঠবে তালগাছের সারি, মাঝখানে ফসলের মাঠ আর আঁকাবাঁকা পথ। সব মিলিয়ে তৈরি হবে প্রকৃতিনির্ভর এক নান্দনিক পরিবেশ। ভবিষ্যতে এই সৌন্দর্যকে ঘিরে পর্যটনের নতুন সম্ভাবনাও তৈরি হতে পারে বলে মনে করছেন তাঁরা।
কর্মসূচিতে আর্থিক সহযোগিতা করেছেন লিয়াকত, আহাদ, শাওন, রুবেল ও প্রবাসী রুবেল। এ সময় উপস্থিত ছিলেন সাঈদ বোরহান উদ্দিন খান, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, হাফেজ আকরাম, কামরুল, শামীম হোসেনসহ স্থানীয় আরও অনেকে।
সাঈদ বোরহান উদ্দিন খান বলেন, “রাস্তার দুই পাশে ফসলের মাঠের মধ্যে দিয়ে এই আঁকাবাঁকা সড়কটি এমনিতেই সুন্দর। আমরা ভাবলাম, এর দুই পাশে যদি সারি সারি তালগাছ থাকে, তাহলে দৃশ্যটি আরও মনোমুগ্ধকর হবে। সেই ভাবনা থেকেই তালের বীজ রোপণের উদ্যোগ নিয়েছি।”
তিনি বলেন, এ এলাকায় প্রচুর কৃষিজমি রয়েছে এবং বজ্রপাতের ঘটনাও ঘটে। তালের গাছ বড় হলে তা পরিবেশের ভারসাম্য রক্ষা ও স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখবে। পাশাপাশি দীর্ঘমেয়াদে সড়কের সৌন্দর্যও বাড়বে।
আয়োজকদের প্রত্যাশা, আজ যে ছোট ছোট তালের বীজ মাটিতে পুঁতে দেওয়া হলো, কয়েক বছর পর সেগুলোই বড় হয়ে পথের দুই পাশে ছায়া ও সবুজের আবরণ তৈরি করবে। তখন বুল্লা-ছাতিয়াইন সড়কটি শুধু যোগাযোগের পথ নয়, হয়ে উঠতে পারে প্রকৃতির সৌন্দর্য উপভোগের একটি আকর্ষণীয় স্থান।
তবে এই স্বপ্ন বাস্তবায়নে শুধু বীজ রোপণ করলেই হবে না। নিয়মিত পরিচর্যা, পানি দেওয়া, গবাদিপশুর হাত থেকে রক্ষা এবং গাছগুলোর সংরক্ষণ নিশ্চিত করাও জরুরি। স্থানীয়দের সহযোগিতা পেলে এই উদ্যোগ একদিন সত্যিকারের সবুজ সড়কে রূপ নিতে পারে বলে আশা আয়োজকদের।
আজ মাটিতে পোঁতা তালের বীজগুলো হয়তো ছোট। কিন্তু এই ছোট বীজের মধ্যেই লুকিয়ে আছে একটি সবুজ ভবিষ্যতের স্বপ্ন—যেখানে আঁকাবাঁকা সড়কের দুই পাশে সারি সারি তালগাছ, আর মাঝখানে ছুটে চলবে মানুষের পথ।





_medium_1788066028.jpg)

