শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় হোগলা মানবকল্যাণ সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৩০০ মানুষ


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১২ জুন ২০২৬, ১০:২৪ রাত

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন 'হোগলা মানবকল্যাণ সমিতি'। সংগঠনের উদ্যোগে এলাকার ৩ শত অসহায় ও নিম্নআয়ের মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্যপরামর্শ প্রদান করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) উপজেলার হোগলা চৌরাস্তা-বওলা রোড এলাকায় দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে ব্যবস্থাপত্র দেওয়ার পাশাপাশি সম্পূর্ণ ফ্রিতে ডায়াবেটিস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় করার সুবিধা দেওয়া হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও বক্ষব্যাধি-মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ দেলোয়ার জাহান খানের বিশেষ সহযোগিতায় এই ক্যাম্পটি পরিচালিত হয়। তার নেতৃত্বে অভিজ্ঞ চিকিৎসকের একটি দল দিনব্যাপী রোগীদের নিবিড়ভাবে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ দেন।

এ বিষয়ে হোগলা মানবকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক তানভীর জানান, এলাকার অসহায় ও দরিদ্র মানুষদের কল্যাণে তাদের সংগঠন সব সময় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন। আগামীতেও সাধারণ মানুষের পাশে থাকতে এ ধরনের সামাজিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ডা. মোহাম্মদ দেলোয়ার জাহান খান জানান,  গ্রামীণ অঞ্চলের হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমরা এই উদ্যোগ নিয়েছি। অর্থাভাবে যারা সঠিক চিকিৎসা পান না, তাদের পাশে দাঁড়াতে পেরে আমাদের ভীষণ ভালো লাগছে। ভবিষ্যতে এই সেবার পরিধি আরও বাড়িয়ে চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহের পরিকল্পনাও আমাদের রয়েছে। ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম চালু রাখার পরিকল্পনা রয়েছে।

স্থানীয় বাসিন্দারা হোগলা মানবকল্যাণ সমিতির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং আগামীতেও এমন ক্যাম্প আয়োজনের অনুরোধ জানিয়েছেন।



  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত