পূর্বধলায় উদ্ভাবনী মেলা: ২২ শিক্ষাপ্রতিষ্ঠানের স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শন
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৫:১৫ বিকাল

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে অনুষ্ঠিত হয়েছে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম-২০২৬’।
এতে উপজেলার ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী ধারণা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও সম্ভাবনাময় স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করেন।
শুক্রবার (১২ জুন) সকালে পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক, পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরে আলম, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো. জায়েজুল ইসলাম এবং মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সুধীজন।
উদ্বোধনের পর অতিথিরা প্রদর্শনীতে অংশ নেওয়া ২২টি স্টল পরিদর্শন করেন। এ সময় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক প্রদর্শনী ও স্টার্টআপ ধারণা তুলে ধরেন। অতিথিরা শিক্ষার্থীদের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন এবং উদ্ভাবনী চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক চিন্তাধারা, সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতা বিকাশ এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে এ আয়োজন করা হয়েছে। পাশাপাশি শিক্ষকদের নতুন শিক্ষণ-পদ্ধতি প্রয়োগ ও শিক্ষার্থীদের উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করার ক্ষেত্র তৈরি হবে।
বিচারকদের মূল্যায়নে প্রদর্শনীতে প্রথম স্থান অর্জন করে হিরণপুর উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় হয় এন জারিয়া ঝাঞ্জাইল উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান লাভ করে পূর্বধলা সরকারি কলেজ। বিজয়ী তিনটি প্রতিষ্ঠান জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে।
প্রধান অতিথি ইউএনও শফিকুল ইসলাম আজকের আরবানকে জানান, “এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবনী ধারণা বিকাশে সহায়তা করবে। বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গঠনে তাদের আগ্রহ আরও বাড়বে। উদ্ভাবনী চর্চা বিস্তারে উপজেলা প্রশাসন সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে।”
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।







