নেত্রকোনা বিশ্ববিদ্যালয়কে ৫০০ গাছের চারা উপহার দিলেন এমপি মানসুরা আলম
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ১০:৩১ রাত

নেত্রকোনা বিশ্ববিদ্যালয়কে পরিবেশবান্ধব ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ৫০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা উপহার দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলম।
রবিবার (৩০ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খালেদ উজ্জামানের হাতে এসব গাছের চারা তুলে দেওয়া হয়।
উপহার হিসেবে অর্জুন, জারুল, জাম, জলপাই, আমলকি, কাঠবাদাম, চন্দন, বহেরাসহ বিভিন্ন দেশীয় ফলজ, বনজ ও ঔষধি গুণসম্পন্ন গাছের চারা প্রদান করা হয়েছে। এসব গাছের চারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রোপণের মাধ্যমে সবুজ ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে।
চারা উপহার প্রদান অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় পূর্বধলা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলেমান কবীর পাপ্পু, উপজেলা ছাত্রদল নেতা সারোয়ার হোসেন মনি, কামরুল হাসান, তাইজুল ইসলাম, ওয়াসিম এবং পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদলের ক্রীড়া সম্পাদক শুভসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৭ আগস্ট নেত্রকোনা বিশ্ববিদ্যালয় সফরকালে সংসদ সদস্য মানসুরা আলম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫০০টি গাছের চারা উপহার দেওয়ার ঘোষণা দেন। তারই ধারাবাহিকতায় রবিবার এসব গাছের চারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।




_medium_1788085024.jpg)
_medium_1788083923.jpg)
_medium_1788083681.jpg)
