শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় মুক্তিযোদ্ধার জমি দখল করে ঘর নির্মাণ ও গাছ কাটার অভিযোগ


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৩০ বিকাল

নেত্রকোনার পূর্বধলায় এক বীর মুক্তিযোদ্ধার পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল করে ঘর নির্মাণ, গাছ কেটে ফেলা এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। 

এ ঘটনায় ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মো. সুরুজ আলী (৭৭) পূর্বধলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ঘাগড়া ইউনিয়নের কোচখালি গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, কোচখালি গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া (৪৫), মঞ্জু মিয়া (৬৫), জাহাঙ্গীর (৩৮) ও হিমু মিয়া (২০)-এর সঙ্গে বীর মুক্তিযোদ্ধা সুরুজ আলীর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। অভিযোগ, অভিযুক্তরা তাঁর পৈতৃক সূত্রে পাওয়া জমি দখলের চেষ্টা করে আসছিলেন।

লিখিত অভিযোগে বলা হয়, গতকাল ২২ অক্টোবর সকালে অভিযুক্তরা অনধিকার প্রবেশ করে ঘাগড়া মৌজার ১১৬৫ ও ১১৬৭ নম্বর দাগে অবস্থিত সুরুজ আলীর মালিকানাধীন জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ শুরু করেন। পরে বাঁধা দিলে এ সময় জমিতে থাকা একটি নারকেলগাছ ও ২০টি সুপারি গাছ কেটে ফেলা হয় বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার খবর পেয়ে সুরুজ আলী সেখানে গিয়ে বাধা দিলে অভিযুক্তরা তাঁর ওপর চড়াও হন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় তাঁকে মারধরের চেষ্টা করা হয় এবং জমি ছেড়ে না দিলে হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।

ভুক্তভোগী সুরুজ আলী জানান, আমি একজন বীর মুক্তিযোদ্ধা তারা আমার জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ করেছে। এ সময় তারা জমিতে থাকা ১টি নারকেল গাছ এবং ২০টি সুপারি গাছ কেটে ফেলেছে। জমি নিয়ে বিরোধ আছে কিন্তু  এতো গুলি গাছ কি অপরাধ করলো! যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান গাছ লাগানো কথা বলছেন সেখানে এভাবে গাছ কেটে ফেলার সুষ্ঠু বিচার কামনা করছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।

তবে গাছ কাটার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মঞ্জু মিয়া। তিনি বলেন, “আমার জায়গায় ঘর নির্মাণ করতে গেলে তারা বাধা দেন। আমার জায়গায় সুরুজ আলীর লোকজন গাছ লাগিয়েছিলেন। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে গাছ নিয়ে টানাটানি হয়, তবে কোনো গাছ কাটা হয়নি। সুরুজ আলীর লোকজন নিজেরাই গাছ কেটে এর দায় আমার ওপর চাপাচ্ছেন। আমরা কোনো গাছ কাটিনি।”

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি।  এ ঘটনার পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত