বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান দিলেন শহিদুল্লাহ ইমরান, দিলেন সম্প্রীতির বার্তা


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২১ অক্টোবর ২০২৬, ০১:০৯ রাত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা উপজেলার ১১টি ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সদস্যসচিব ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এ এস এম শহিদুল্লাহ ইমরান। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন এবং পূজা উদ্‌যাপনে অনুদান প্রদান করেন।

সোমবার ও মঙ্গলবার (১৯ ও ২০ অক্টোবর) দুই দিন দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্‌যাপনে সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মান্নান, আজিম উদ্দিন তালুকদার আরশাদ ও ফিরোজ তালুকদার, যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদার, সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম খান, উপজেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি মো. উজ্জ্বল মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মানিক, জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক জাহিদ হাসানসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরিদর্শনকালে এ এস এম শহীদুল্লাহ ইমরান বলেন, বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, পূর্বধলা উপজেলার ৬৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের সমন্বয়ে মনিটরিং টিম গঠন করা হয়। এই টিমের মাধ্যমে পূজামণ্ডপগুলোর সার্বক্ষণিক খোঁজখবর রাখা এবং প্রয়োজনীয় সহযোগিতা করা হয়েছে। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’-এই নীতিতে বিশ্বাস করে সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে সম্প্রীতিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপনে সহযোগিতা করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও দলীয় নেতাকর্মীরা শুরু থেকেই উপজেলার প্রতিটি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন। পাশাপাশি উপজেলা প্রশাসন ও থানা-পুলিশের সঙ্গে সমন্বয় করে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা করেছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার সারাদেশের পাশাপাশি পূর্বধলা উপজেলাতেও ব্যাপক পরিসরে দুর্গাপূজার আয়োজন হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের। এ দেশে প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে। ধর্ম-বর্ণনির্বিশেষে সবার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে সারাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় প্রশাসন, পুলিশ এবং রাজনৈতিক নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করেছেন, যাতে সবাই নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন।

তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। এ জন্য ভবিষ্যতেও সব সম্প্রদায়ের মানুষের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত