বিশকাকুনী ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান দিলেন চেয়ারম্যান প্রার্থী আবু বকর রানা
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ বিকাল

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা উপজেলার ৮ নম্বর বিশকাকুনী ইউনিয়নের কলংকা গ্রামের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বকর রানা। এ সময় তিনি পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং পূজা উদ্যাপনের জন্য মন্দির কর্তৃপক্ষকে অনুদান দেন।
বুধবার (২১ অক্টোবর) কলংকা গ্রামে পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি পূজার আয়োজক ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কথা বলেন। এ সময় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপনে দলীয় নেতাকর্মীদের নিয়ে পাশে থাকার আশ্বাস দেন তিনি।

আবু বকর রানা বলেন, বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী উপজেলার পূজামণ্ডপগুলোতে দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের সমন্বয়ে মনিটরিং টিম গঠন করা হয়েছে। এসব টিমের মাধ্যমে পূজামণ্ডপগুলোর সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।
তিনি বলেন, বিশকাকুনী ইউনিয়নে বর্তমানে একটি পূজামণ্ডপে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে। আগামী বছরগুলোতে যেন এ ইউনিয়নে নিয়মিত পূজার আয়োজন করা হয় এবং আরও জাঁকজমকপূর্ণভাবে উৎসব উদ্যাপন করা যায়, সে জন্য তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন।
তিনি আরও বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আবু তাহের তালুকদারের দিকনির্দেশনায় উপজেলার পূজামণ্ডপগুলোতে দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপনে বিএনপির নেতাকর্মীরা শুরু থেকেই খোঁজখবর রাখছেন।
ধর্মীয় সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে আবু বকর রানা বলেন, “বিশকাকুনী ইউনিয়নে ধর্মের বিভাজন নয়, হিন্দু-মুসলিম সবাই ভাই ভাই।” পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সম্প্রীতির মাধ্যমে সব সম্প্রদায়ের মানুষ যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আগামীতে ইউনিয়নের আরও বেশি মন্দিরে পূজা উদ্যাপন এবং মন্দিরের সংস্কারকাজে সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। এ সময় হিন্দু সম্প্রদায়ের সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানানোর পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন আবু বকর রানা।







