যোগদানের দুই কর্মদিবসেই ৪ লাখ টাকা জরিমানা, অভিযানে সক্রিয় এসি ল্যান্ড মৈত্রী রায়
মো: মহিউদ্দিন আহাম্মেদ
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ দুপুর
_original_1790759166.jpg)
হবিগঞ্জের মাধবপুরে যোগদানের পর দুই কর্মদিবসেই অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন এবং পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে চার লাখ টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায়। তাঁর নেতৃত্বে পরিচালিত পৃথক দুটি অভিযানে বালুসহ একটি ট্রাক্টর জব্দ করা হয়।
গত সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর গ্রামে অভিযান চালিয়ে বালুসহ একটি ট্রাক্টর জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবাসপুর গ্রামের অহিদ মিয়ার ছেলে ফারুক মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বুল্লা ইউনিয়নের মাহমুদপুর এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বানেশ্বর গ্রামের মৃত রাশিদ আলীর ছেলে সাজিদ মিয়া (৫৫)-কে একই আইনে তিন লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়।
দুই দিনের পৃথক অভিযানে মোট চার লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায় বলেন, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন, সংরক্ষণ এবং পরিবহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দায়িত্ব গ্রহণের পরপরই অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে তাঁর এমন অভিযান স্থানীয়ভাবে আলোচনার সৃষ্টি করেছে।



_medium_1790769125.jpg)

_medium_1790760158.jpg)
_medium_1790759986.jpg)
