সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শিরোনাম

শেরপুর ম্যাজিস্ট্রেসীর উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসীর সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সভা


  জাহিদুল ইসলাম

প্রকাশ :  ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ রাত

শেরপুর ম্যাজিস্ট্রেসীর উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসীর সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় শেরপুর জেলা ও দায়রা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
 
শেরপুরের বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব বুলবুল আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এ, কে, এম, জহিরুল ইসলাম এবং পিবিআই, জামালপুরের সম্মানিত পুলিশ সুপার জনাব পংকজ দত্ত, পিপিএম।
 
সভায় সিভিল সার্জনের প্রতিনিধি, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ, জেলা প্রশাসকের প্রতিনিধি, জেলা আদালতের পিপি, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, সিআইডি ও এসআরবি-এর প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
সভায় পরোয়ানা জারি ও সফলভাবে তামিল, হুলিয়া ও ক্রোকি পরোয়ানা কার্যকর, বিচারালয়ে সাক্ষীদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিতকরণ এবং সাক্ষীদের প্রস্থানকালে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।
 
এছাড়া তদন্ত ও অনুসন্ধানের ক্ষেত্রে বিদ্যমান অনাকাঙ্ক্ষিত বাধা দূরীকরণ, দ্রুত ও সুস্পষ্ট মেডিকেল রিপোর্ট প্রদান, মালখানা থেকে যথাসময়ে আলামত আদালতে উপস্থাপন এবং জেলহাজতে থাকা বিচারাধীন বন্দীদের নির্ধারিত সময়ে আদালতে হাজির করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
 
সভায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তাসহ সার্বিক আদালত প্রাঙ্গণের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়। একই সঙ্গে ফৌজদারি বিচারপ্রক্রিয়া স্বাচ্ছন্দ্য, কার্যকর ও দ্রুততার সঙ্গে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ ও ম্যাজিস্ট্রেসীর মধ্যে পারস্পরিক সমন্বয় ও দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বৃদ্ধি করার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
 
সভায় উপস্থিত কর্মকর্তারা ফৌজদারি বিচারপ্রক্রিয়ার কার্যকারিতা ও গতিশীলতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে নিয়মিত যোগাযোগ, সমন্বয় এবং পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত