বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

শেরপুরে তৃতীয় লিঙ্গের জীবন মান উন্নয়নে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ চলছে 


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৯ দুপুর

শেরপুরে তৃতীয় লিঙ্গের জীবন মান উন্নয়নে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ চলছে। শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা সমাজসেবা অধিদপ্তরের সহায়তায় শহরের নিউমার্কেটস্থ ‘পারসোনা বিউটি পার্লার’ এ ১৫ জন তৃতীয় লিঙ্গের মানুষকে বিউটিফিকেশনের উপর ১২ দিনব্যাপী এ প্রশিক্ষণ চলছে। গত ৩১ আগস্ট থেকে এ প্রশিক্ষণ শুরু হয় এবং শেষ হবে আগামী ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার। 

জেলা সমাজসেবা অধিদপ্তর এর উপ-পরিচালকের প্রতিনিধি হাসান শরাফত বলেন, জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের তৃতীয় লিঙ্গের জীবন মান উন্নয়ন প্রকল্পের আওতায়  এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। ইতিমধ্যে ৮ দিনে তারা যেটুকু দক্ষতা অর্জন করেছে তাতে ১২ দিন প্রশিক্ষণ শেষ হওয়ার পর তারা তাদের কর্মদক্ষতার মাধ্যমে কর্মসংস্থান করতে পারবে। 

এ বিষয়ে প্রশিক্ষণার্থী তৃতীয় লিঙ্গের মধু হিজরা বলেন, আমরা সমাজে আর চাঁদাবাজ বা ঘৃণিত মানুষ হিসেবে বাঁচতে চাই না। তাই আমরা সরকারের সহায়তায় বিউটিফিকেশনসহ বিভিন্ন কর্মের দক্ষতা অর্জনের প্রশিক্ষণ করে যাচ্ছি। প্রশিক্ষণ শেষে আশা করি আমরা নিজের পায়ে দাঁড়াতে পারবো তাতে কারো কাছে আর হাত পাততে হবে না। 

এ বিষয়ে পারসোনা বিউটি বিউটি পার্লারের স্বত্বাধিকারী ও প্রশিক্ষক আশা বলেন, আসলে ১২ দিনের প্রশিক্ষণে সবকিছুই শেখানো সম্ভব নয়। বিউটিফিকেশন এর অনেকগুলো ধাপ রয়েছে সবগুলো প্রশিক্ষণ নিতে প্রায় বছর খানেক লেগে যায়। তারপরেও তৃতীয় লিঙ্গের যারা প্রশিক্ষণ দিচ্ছেন তারা অল্প সময়ে বেশ দক্ষতা অর্জন করেছেন। ১২ দিন প্রশিক্ষণ শেষ হলে এথেকেই তারা কিছু একটা করতে পারবে বলে আমি মনে করি।

নাগরিক প্ল্যাটফর্ম ‘জনউদ্যোগ’ এর আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, পরিবার ও সমাজচ্যুত্ব এই মানুষগুলো জন্ম থেকেই নিগৃহীত। তাই তাদের জীবন মান উন্নয়নে সরকার যে সুযোগ দিয়েছে তাতে সাধুবাদ জানাই। আমি এ প্রশিক্ষণ দেখলাম এবং যেটুকু মনে হলো তারা ভবিষ্যতে আরও দক্ষতা অর্জনের মাধ্যমে নিজের পায়ে দাঁড়াতে পারবে। একই সাথে সমাজের সাধারণ মানুষের তৃতীয় লিঙ্গের মানুষের প্রতি দৃষ্টিভঙ্গিও বদলাতে হবে। তাহলে তারা সমাজের ভালোভাবে থাকতে পারবে এবং সমাজের জন্যেও কিছু একটা করতে পারবে বলে আমি মনে করি। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত