লটারির মাধ্যমে এসপি পদায়ন হবে, ডিসি নয়
আরবান ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫২ দুপুর
লটারির মাধ্যমে এসপি পদায়ন হবে, ডিসি নয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে লটারির মাধ্যমে পুলিশ সুপার (এসপি) পদায়নের সিদ্ধান্ত হলেও এই পদ্ধতিতে জেলা প্রশাসক (ডিসি) পদায়ন করবে না সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে জনপ্রশাসন সচিব বলেন, ‘কখনো, কোনোদিন লটারির মাধ্যমে সিভিল সার্ভিসে পদায়ন হয়নি। এখনো হচ্ছে না, হবে না।’
জনপ্রশাসন সচিব বলেন, ‘এখন অভিযোগের বিপরীতে তাঁদের (ডিসি) প্রত্যাহার করা হচ্ছে, আমাদের ফিট লিস্ট আছে। মাঝে কিছু (নতুন ডিসি পদায়ন) হয়েছে, সামনে আরও হবে। আর যেখানে স্ট্যাবল আছে... যেমন যুগ্ম-সচিব (ডিসি) অনেক আছেন, আমরা নির্বাচনের আগে যুগ্ম-সচিবদের তুলে আনব।’
নির্বাচনকে সামনে রেখে বেশ কিছু পদক্ষেপ নেওয়ায় নির্বাচন সুষ্ঠু হবে বলেই মনে করছেন জনপ্রশাসন সচিব।
তিনি বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে যে প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে, হোমওয়ার্ক ভালো থাকলে যে দিনটাকে কেন্দ্র করে কাজটা করা হচ্ছে, সেই দিনটা ভালো হবে, কোনো সমস্যা হবে না।’







