রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২
শিরোনাম

ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ ‘অবৈধ’: মার্কিন আদালত


  আরবান ডেস্ক

প্রকাশ :  ৩০ আগস্ট ২০২৫, ১০:৪৫ দুপুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের অধিকাংশকে অবৈধ বলে রায় দিয়েছে দেশটির আপিল আদালত। শুক্রবার (২৯ আগস্ট) এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অর্থনীতিতে প্রভাব বিস্তারে রিপাবলিকান নেতার প্রধানতম হাতিয়ার এখন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ওয়াশিংটন ডিসিভিত্তিক মার্কিন ফেডারেল সার্কিট আপিল আদালতের ৭-৪ ভোটে দেওয়া এই রায়ে এপ্রিল মাসে ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে আরোপিত পারস্পরিক শুল্ক এবং ফেব্রুয়ারিতে চীন, কানাডা, মেক্সিকোর ওপর আরোপিত আরেক দফা শুল্কের বৈধতা নিয়ে রায় দিয়েছে।

রায়ের পক্ষে মত দেওয়া সাত বিচারপতির ছয়জন ডেমোক্র্যাট আর একজন রিপাবলিকান আমলে নিয়োগপ্রাপ্ত। আর রায়ের বিপক্ষে অবস্থানকারীদের মধ্যে দুজন ডেমোক্র্যাট ও দুজন রিপাবালিকান প্রশাসনের অধীনে নিয়োগ পেয়েছেন।

অবশ্য, অন্য আইনি কর্তৃপক্ষ আরোপিত শুল্ক, যেমন ট্রাম্পের স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক, এই রায়ের প্রভাব নেই।

হোয়াইট হাউজের দ্বিতীয় মেয়াদে শুল্ককে মার্কিন পররাষ্ট্রনীতির একটি মূল ভিত্তি বানিয়ে ফেলেছেন ট্রাম্প। ইচ্ছেমতো এই হাতিয়ার ব্যবহার করে তিনি বাণিজ্য অংশীদারদের ওপর চাপ বৃদ্ধি এবং বাণিজ্য চুক্তি পুনঃআলোচনায় বাধ্য করেছেন। এসব শুল্ক ট্রাম্প প্রশাসনকে কিছু বিষয়ে সহায়তা করলেও আর্থিক বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে।

আদালতের সিদ্ধান্ত অত্যন্ত পক্ষপাতদুষ্ট উল্লেখ করে নিজ মালিকানানাধীন ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, এই শুল্কগুলো উঠে গেলে দেশ সম্পূর্ণ বিপর্যয়ের মুখে পড়বে।

তবে সর্বোচ্চ আদালতের সহায়তায় এই রায় উল্টে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

১৯৭৭ সালের আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের (আইইইপিএ) দোহাই দিয়ে শুল্ক আরোপের পক্ষে সাফাই গাইছেন ট্রাম্প। ওই আইনের ধারা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের জরুরি অবস্থায় ‘অস্বাভাবিক ও বিশেষ‘ হুমকি মোকাবিলায় প্রেসিডেন্টের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার এখতিয়ার রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত