জাতীয় শিক্ষা সপ্তাহে পূর্বধলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন মো. বদরুজ্জামান
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৯ জানুয়ারী ২০২৬, ০৮:৫০ রাত

নেত্রকোনার পূর্বধলা উপজেলা-এর আগিয়া উচ্চ বিদ্যালয়-এর প্রধান শিক্ষক মো. বদরুজ্জামান (মিন্টু) উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে উপজেলা বাছাই কমিটি তাকে উচ্চ বিদ্যালয় ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (স্কুল) হিসেবে মনোনীত করে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন আহ্বান করা হয়। যাচাই-বাছাই শেষে মনোনীত বোর্ড মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে মো. বদরুজ্জামানকে নির্বাচিত করে।
মো. বদরুজ্জামান ২০১২ সালের ১৭ জুন আগিয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি সততা, দক্ষতা ও যোগ্যতার সঙ্গে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তার নেতৃত্বে বিদ্যালয়টির শিক্ষার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। নিয়মিত পাঠদানের পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে ভালো ফলাফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি।
স্কুল সূত্র জানা যায়, তার সময়ে বিদ্যালয়টি শৃঙ্খলা, ফলাফল ও সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
মো. বদরুজ্জামান পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের শহিদুল্লাহ মাস্টারের সন্তান। তিনি বর্তমানে বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব)-এর সাবেক দুই বারের নির্বাচিত সভাপতি ছিলেন এবং বর্তমানে সভাপতির দায়িত্বে রয়েছেন।
তার এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজনরা আনন্দ প্রকাশ করে তাকে অভিনন্দন জানিয়েছেন।
অপরদিকে, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মাধ্যমিক পর্যায়ে মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়, কলেজ পর্যায়ে পূর্বধলা সরকারি কলেজ এবং কারিগরি পর্যায়ে ইকরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নির্বাচিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ক্যাটাগরিতে মাধ্যমিক পর্যায়ে কারিগরি পর্যায়ে ইকরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের মোহাম্মদ শফিকুজ্জামান নির্বাচিত হয়েছেন।
শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ক্যাটাগরিতে নিজ নিজ ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন-নিলয় চক্রবর্তী (ডা. মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়), মো. ওমর ফারুক (কাপাসিয়া দাখিল মাদ্রাসা), ইকবাল আহমেদ (পূর্বধলা সরকারি কলেজ) এবং আনোয়ার আহাম্মদ (ডা. মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়, কারিগরি শাখা)।
শিক্ষার্থীদের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন-ফাতেমা আজাদ ডালিয়া (পূর্বধলা হোছাইনিয়া ফাজিল মাদ্রাসা), আরিয়া ইসলাম লামিয়া (পূর্বধলা সরকারি কলেজ) এবং কুলসুম আক্তার (ইকরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ)।
এছাড়া শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছেন মাসির উদ্দিন এবং শ্রেষ্ঠ রোভার নির্বাচিত হয়েছেন মো. শরিফুল ইসলাম। বিশেষ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হয়েছেন মো. নজরুল ইসলাম এবং শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত হয়েছেন মো. সামছুল হক তালুকদার। দলগত সাফল্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ ও পূর্বধলা সরকারি কলেজ রোভার গ্রুপ।
মো. আনিছুর রহমান খান (উপজেলা নির্বাহী অফিসার) ও মো. আবু বকর সিদ্দিক (উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার) স্বাক্ষরিত ফলাফল প্রকাশের পর বিজয়ীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।


_medium_1768730528.jpg)
_medium_1768731203.jpg)



