মাদক সেবনের দায়ে পূর্বধলায় ৪ জনের কারাদণ্ড ও জরিমানা
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৯ জানুয়ারী ২০২৬, ১২:১৪ দুপুর

নেত্রকোনার পূর্বধলা উপজেলাতে মাদকদ্রব্য সেবনরত অবস্থায় তিন যুবকসহ চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার হিরণপুর উচ্চ বিদ্যালয়ের পেছনের মাঠ থেকে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নারায়ণপুর গ্রামের মো. মাহবুবুর রহমানের ছেলে আরিফুল ইসলাম মাহিন (২১), গোহালাকান্দা গ্রামের মৃত জুতন রবিদাসের ছেলে বিজয় রবিদাস (২০), ইয়ারণ গ্রামের মো. আ. খালেকের ছেলে সাজ্জাদ হোসেন (২০) এবং সেনেলুনুই গ্রামের মৃত আ. জব্বারের ছেলে মো. ইউসুফ মিয়া (৪৭)। তারা সবাই পূর্বধলা উপজেলার বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পূর্বধলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান। তিনি আসামিদের দোষী সাব্যস্ত করে কারাদণ্ড ও অর্থদণ্ড উভয় দণ্ড প্রদান করেন। কারাদণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।


_medium_1768730528.jpg)
_medium_1768731203.jpg)



