সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় অজ্ঞাতনামা অটোর ধাক্কায় পথচারীর মৃত্যু


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৭ জানুয়ারী ২০২৬, ১১:৩৮ দুপুর

নেত্রকোণার পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় কমল মিয়া (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার জারিয়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত কমল মিয়া ওই গ্রামের মৃত সাবান আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত কমল মিয়া সন্ধ্যায় দিকে নিজ কাজ শেষ করে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে নোয়াপাড়া গ্রামের পাকা রাস্তায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা অটো নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে ময়মনসিংহ নেওয়ার পথেই রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। পরে স্বজনরা মরদেহ নিয়ে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিরলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ দেননি। অজ্ঞাত একটি অটোরিকশার ধাক্কায় একজন ব্যক্তি গুরুতর আহত হয়ে হাসপাতালে মারা গেছেন-এমনটি শুনেছি। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত