পূর্বধলায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও অর্থসহ কোরআন বিতরণ
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৩:৩৯ দুপুর
_original_1763025853.jpg)
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও অর্থসহ পবিত্র কোরআন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১২টায় পূর্বধলা উপজেলা সদরের রাজধলা মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুম মোস্তফা।
বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনা জেলা ছাত্রশিবিরের সভাপতি ইয়াসিন মাহমুদ রাসেল।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি শাহাদাত হোসেন এবং সঞ্চালনা করেন নেত্রকোনা সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও জেলা বিজ্ঞানবিষয়ক সম্পাদক ওমর ফারুক।

প্রধান অতিথি মাসুম মোস্তফা বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি রাষ্ট্রক্ষমতায় আসে, তবে এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে, যেখানে দেশের শতভাগ মুসলিম শিক্ষার্থী সহীহভাবে কুরআন পড়তে পারবে। প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে আরবি শিক্ষক নিয়োগ দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “আমাদের সমাজে নৈতিকতা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হলে তরুণ প্রজন্মকে কুরআনের আলোয় আলোকিত হতে হবে। এজন্য ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা নিরলসভাবে কাজ করছে, যা প্রশংসনীয়।”

এ সময় বক্তব্য রাখেন ধারা দাখিল মাদ্রাসার সুপার হাবিবুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি ইমরুল হাসান প্রমুখ।
বক্তারা বলেন, সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা ও ইসলামি শিক্ষা চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে ইসলামী ছাত্রশিবিরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আলোচনা শেষে উপস্থিত প্রায় ২০০ শিক্ষার্থীর মধ্যে পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়।







